বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন দেশে করোনা সংক্রামণের হার এখনো শতকরা ১১ ভাগ ।
‘আমাদের আরো কাজ করতে হবে এবং সংক্রামণের হার শূন্যের কোঠায় নিয়ে
আসতে হবে’, শনিবার বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে এই মন্তব্য করেন।
তিনি বলেন দেশে গত এক সপ্তাহে গড়ে করোনায় মৃত্যুর প্রতিদিন ২০ -২২ জনের মতো। একটি মৃত্যুও আমাদের কাম্যনয়। আমাদের টার্গেট এখন করোনায় যেন একটি মানুষেরও মৃত্যু না হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকই স্বাস্থ্য বিভাগকে সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রশংসা পাওয়াতে আমাদের সেই দুঃখ দূর হয়ে গেছে। করোন ভাইরাসের টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। আমাদের সবধরণের প্রস্তুতি রয়েছে।
জাহিদ মালেক বলেন সামনে শীত আসছে, এই সময় করোনা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা রয়েছে। তাই শীতের সময় সামাজিক অনুষ্ঠান যতোটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।
নিপোর্টের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিব শাহ আলম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিপোর্টের পরিচালক নিমাই চন্দ্র পাল।
এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন সদর উপজেলা আয়োজিত গড়পাড়া শুভ্র সেন্টারে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১০টি ইউনিয়নে ২৬০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ উদ্বোধন করেন।