বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে দেশের মানুষ মনে করছে বিএনপির রাজনীতির অস্তিত্ব সংকটে পড়ে এখন লাইফ সাপোর্টে আছে।
তিনি দাবি করেন যেটি আওয়ামী লীগের নেই। দলের জন্য তৃণমূল থেকে ডেডিকেটেড কর্মীদের তুলে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হলে নিবেদিত প্রাণ কর্মীদের এগিয়ে আনতে হবে।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন ওবায়দুল কদের।
সেতুমন্ত্রী কাদের বলেন ধর্ষকের মতো নরপশুদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি, চিহ্নিত অপরাধী, চাদাবাজ, ভূমি দখলকারী, নারী অবমাননাকারী এবং নারী ধর্ষণকারী ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার অপরাধীদের প্রশয় দেয় না। দলীয় পরিচয়েও কেউ রক্ষা পায় না। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের অস্তিত্বের শেকড়। জনগণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে আছে।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপি এখন অস্তিত্ব সংকটে। যে কারণে বিএনপি’র রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এসময় ভার্চুয়াল বিশেষ বর্ধিত সভায় সংযুক্ত হয়ে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
জেলা পরিষদ মিলনায়তনের বিশেষ বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ ২ আসনের সাংসদ মমতাজ বেগমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।