বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি শামিম হোসেন তার আরও দুই সঙ্গীকে ৫ গ্রাম হিরোইনসহ আটক করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের পশ্চিম গোলড়া গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি শামিম হোসেন, কামতা এলাকার আলী জিন্নাহর ছেলে রবিউল আওয়াল, চড় খণ্ড গোলড়ার রোশতম মিয়ার ছেলে আলমগীর হোসেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও শরীর তল্লাশি করে ৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহামেদ বুলবুল বলেন, কোন মাদক সেবক ও ব্যবসায়ী ছাত্রলীগের সঙ্গে থাকতে পারবে না। যদি এ ধরনের কাজের সঙ্গে কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।