বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে আজও মানিকগঞ্জে মানববন্ধন ও প্রতিরোধ সভা করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা ইউনিট।
মঙ্গলবার দুপুরে শহরের শহীদ রফিক চত্বরে এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিরোধ সমাবেশ পালন করা হয়। প্রতিরোধ সমাবেশে জেলার চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষকরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঢাকা অঞ্চলের সভাপতি মো: রমজান আলী, মানিকগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেবেকা জাহান, সহসভাপতি হযরত আলী, জেলা সেক্রেটারি আবদুল হান্নান, মতিয়ার রহমান, মহিদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রতিরোধ সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর সম্মানরক্ষায় প্রতিবাদ জানায়। এসময় বাংগালী বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানানো হয়।
তারা বলেন, বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুকে অবমাননা করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাদের এই অশুভ শক্তি কোনভাবেই সফলকাম হতে পারবে না। এরজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে।