বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করে নষ্ট করা হয়েছে প্রায় ১০ মন ভেজাল গুড়।
আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করেন।
মানিকগঞ্জ ভোক্তা সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান রুমেল জানান, সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অসাধু মৌসুমি ব্যবসায়ীরা রাজশাহী থেকে সংগ্রহ করা ঝোলা রসের সাথে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ মণ গুড় তৈরি করে।
এছাড়া ২০ থেকে ৩০ লিটার ঝোলা রসের গুড়ের সাথে ৫০ কেজি চিনি মিশিয়ে ৬০ থেকে ৮০ কেজি গুড়ও তৈরি করেছে।
এভাবে ভেজাল গুড় তৈরির দায়ে হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা ও গোপীনাথপুর মজমপাড়া গ্রামের ককেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তৈরিকৃত ১০ মণ ভেজাল খেজুরের গুড় বিনষ্ট করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল খেজুরের গুড় প্রস্তুত করবে না মর্মে মুচলেকা দিয়েছেন ভেজালকারীরা।
অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলামসহ আনসার ব্যাটিলিয়নের সদস্যরা ছিলেন।