বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে এক প্রেস শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ মে) সকালে শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে ফসলের মাঠ থেকে ওই প্রেস শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রমজান আলী (৩০) ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। তিনি ঢাকার উত্তরা এলাকায় একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিলেন। রমজান এক কন্যা সন্তানের জনক।
রমজান আলীর ফুফাতো ভাই নাসির মিয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রমজান।রাত ১০ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাজারে পৌছার পর তার স্ত্রীর সাথে সর্বশেষ কথা হয়। এসময় রমজান বলেন দ্রুত সময়ের মধ্যেই বাড়ি পৌছে যাবেন তিনি।
কিন্তু ঘন্টাখানেক পরেও বাড়ি না পৌছায় এবং রমজানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাতভর বিভিন্নস্থানে খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয় এক ব্যক্তি খেত থেকে মরিচ তুলতে এসে রমজানের রক্তাক্ত লাশ দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, নিহত রমজানের গলা,মাথা ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের কারণ ও খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।