বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ছিল। বাকি দুইজন মৃত্যু হয় উপসর্গ নিয়ে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে তারা মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, মৃত্যুবরণ করা ১২ জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা।
এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের দুইজন ও মেহেরপুরের একজন।
এ নিয়ে গত ১৩ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত) মৃত্যুবরণ করেছে ১৩৭ জন। এর মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে করোনা শনাক্ত হওয়ার পর। বাকিদের উপসর্গ নিয়ে মৃত্যু হয়।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নওগাঁ ও পাবনার দুইজন করে এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে। একই সময় সুস্থ্য হয়েছে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন।
তিনি বলেন, সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭১ বেডের বিপরিতে ভর্তি রয়েছেন ৩০৭ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ৩৬ জন রোগিকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগির চাপ থাকায় আরেকটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে। অক্সিজেন সুবিধাসহ নতুন ওয়ার্ডটি আজকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি।
শামীম বলেন, যাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে তাদের শুধু ভর্তি করা হচ্ছে। অন্যদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি থেকেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হলে পুরো হাসপাতালেও করোনা রোগি রাখার জায়গা হবে না।
তিনি আরও বলেন, রাজশাহী নগরের এখন লকডাউন চলছে। আশা করছি দুই সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন হলে ভাল ফল পাব।