বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা উঠানামা করছে। কখনও আক্রান্ত ও মৃত্যু বাড়ছে আবার কখনও কমছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় এক নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
গত এক সপ্তাহে করোনায় মারা গেছেন ২৪ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তের হার ২৩.৫২ শতাংশ।
এর আগে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিল ৮৪ জন।
সূত্রটি আরো জানান, গত ১৫ মাসে এ জেলার বিভিন্ন এলাকায় মোট ১২ হাজার ৯৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৪৬ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৩৫৩ জন। শুধু গত সাতদিনের মারা গেছেন ২৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৩ জন।