বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ৯ দিনে জেলায় ৩৬ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন বিফ্রিংএ এ তথ্য দিয়েছেন।
মৃতরা হলেন বগুড়া সদরের সেতারা বেগম (৭৮) ও আবুল কালাম আজাদ (৭৪), জয়পুরহাটের হাসনা বেগম (৬৫), লুৎফর রহমান (৬৫), মামুন সরদার (৪৫), আহাদ আলী (৭৫) ও নূর জাহান (৩০) এবং নওগাঁর রিয়াজ উদ্দীন (৬০)।
এদের মধ্যে সেতারা ও লুৎফর রহমান টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে, আজাদ, নুর জাহান ও রিয়াজ উদ্দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহাদ আলী ও মামুন সরদার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৩ জুন বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ২৪৭ জনের নমুনায় ৬৫ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪ জনের নমুনায় পাঁচজনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৩ জনের নমুনায় নয়জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩০ জনের নমুনায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
অর্থাৎ ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৬৮ শতাংশ।