বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে । এ সময় নতুন করে ১০১ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে মোট ৩৭৫ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
মৃতরা হলেন বগুড়া সদরের রহিমা বেওয়া (৭৭), আদমদীঘির আলতাফুন্নেছা (৬২), জয়য়পুরহাটের কামরুন নাহার (৪০) ও সিরাজগঞ্জের মাজেদ আলী (৭২)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮টি নমুনায় নয় জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৬টি নমুনায় ১০ জনের পজিটিভ এসেছে।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৬টি নমুনায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬ ভাগ।
নতুন করে সুস্থ হয়েছেন, ৫১ জন। এ সময় মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১৩ হাজার ৩৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৪১ জন। মারা গেছেন, ৩৭৫ জন ও চিকিৎসাধীন রয়েছেন ৬১৭ জন।