বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২৭ জন আক্রান্ত হয়েছে। এ সময় নতুন করে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
মৃতরা হলেন বগুড়া সদরের নূর বানু (৪৫), সুরেশ চন্দ্র (৬৫), অতুল দেবনাথ (৬০), শাহনাজ পারভীন (৪০), গৌর চরণ (৬৭), নাটোরের হেলাল হোসেন (৫৮) ও নওগাঁর আলতাফ হোসেন (৫৫)।
এদের মধ্যে নূর বানু, সুরেশ, অতুল ও হেলাল বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, সাত্তার ও আলতাফ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং শাহনাজ ও গৌর চরণ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নমুনা পরীক্ষায় ৭৯ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১২টি নমুনায় ৪ জনের, এন্টিজেন পরীক্ষায় ৫৬ নমুনায় ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আর বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষায় ১৮ জনের পজিটিভ হয়।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৭৮ জন, আদমদীঘিতে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১০ জন, গাবতলীতে সাতজন, শিবগঞ্জে ছয়জন, সারিয়াকান্দিতে পাঁচজন, শাজাহানপুরে পাঁচজন, নন্দীগ্রামে দু’জন এবং শেরপুরে একজন।
সূত্র আরো জানায়, জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৭৯ শতাংশ।