বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে । একই সময়ে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১১ জনের এবং শনাক্ত হয়েছে ১৫৪ জন।
মৃত পাঁচজনের মধ্যে বগুড়ার তিনজন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনাভাইরাসে মৃতরা হলো বগুড়া সদরের পিন্টু মিয়া (৫০), আদমদীঘির মোসলেমা (৬০) ও শেরপুরের হোসনে আরা (৭৫), সিরাজগঞ্জের ওসমান গণি (৯০) ও পাবনার ফজলুর রহমান (৭৫)।
এদের মধ্যে চারজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং একজন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উপসর্গে মৃত ১১ জনের মধ্যে ছয়জন মোহাম্মদ আলী হাসপাতালে ও পাঁচজন বগুড়া শজিমেক হাসপাতালে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় বগুড়ার দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৬১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৪ জন করোনা আক্রান্ত হন। আক্রান্তের হার ২৫ দশমিক ০৪ শতাংশ।