বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহামারী করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৭ নারীসহ ১৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে কাজিপুর ৩২ জন , সিরাজগঞ্জ সদরে ২৬জন, বেলকুচি ১৪ জন, উল্লাপাড়া ১৮ জন, রায়গঞ্জ ৮ জন , চৌহালী ৪ জন, তাড়াশ ৭ জন, কামারখন্দ ১৪ জন ও শাহজাদপুর উপজেলার ১০ জন।
এদের মধ্যে ৯ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। এই নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।