বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা উপসর্গে আরো আটজন মারা গেছেন। শনাক্ত হয়েছে, ৯৭ জনের শরীরে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দির আসাদুল ইসলাম (৪৭) ও গাবতলীর দুলু মিয়া (৬৮), নাটোরের হায়দার হোসেন (৫৫), জয়পুরহাটের গোলাম রব্বানী (৫২) এবং দিনাজপুরের মোজাম্মেল হক (৫৫)।
এদের মধ্যে হায়দার ও আসাদুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, গোলাম রব্বানী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, মোজাম্মেল হক টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং দুলু মিয়া গাবতলীর নিজ বাড়িতে মারা গেছেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ।
এদের মধ্যে বগুড়া সদরে ৭০ জন, শাজাহানপুরে ১১ জন, দুপচাঁচিয়ায় আটজন, সারিয়াকান্দিতে দু’জন এবং গাবতলী ও শেরপুরে একজন করে।