বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে মৃত্যু হয়েছে নয় জনের। এই সময়কালে শনাক্ত হয়েছে ১৯২ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়ায় করোনায় মৃতরা হলো বগুড়া সদরের হোসনে আরা (৪৫), দুপচাঁচিয়ার আজম খান (৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), শাজাহানপুরের জোসনা আরা (৫৮)ও জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)।
এদের মধ্যে মাজেদা বিবি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং অন্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে করোনা উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।রিপোর্টে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১১৪ জন, শেরপুরে ১৪ জন, গাবতলীতে ১২ জন, শিবগঞ্জে ১১ জন, ধুনটে ও শাজাহানপুরে আটজন করে, নন্দীগ্রামে ছয়জন, আদমদীঘি, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে পাঁচজন করে, কাহালুতে তিনজন এবং সোনাতলায় একজন।