বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস ও করোনা উপসর্গে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ১০ জন। এ সময় ১৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃতরা হলেন বগুড়া সদরের নুরুল ইসলাম (৪৩), নাসির আকন্দ (৬৮) ও রাকা (৫৫), শাজাহানপুরের মাকসুদুর রহমান (৫৫), আদমদীঘির জিল্লুর রহমান (৫৩), দুপচাঁচিয়ার মিলন আরা (৩৬) ও সারিয়াকান্দির আবদুল কুদ্দুস (৮০)।
এ সময় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে ১০ জন মারা গেছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকার ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১১ জনের নমুনায় চারজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭১ জনের নমুনায় ৪৯ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ২১ শতাংশ।
সূত্রটি আরো জানায়, আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১০৩ জন, শাজাহানপুরে ২৫ জন, শিবগঞ্জে ১৫ জন, শেরপুর, কাহালু, দুপচাঁচিয়া, ও গাবতলীতে ছয়জন করে, সারিয়াকান্দিতে চারজন, নন্দীগ্রামে তিনজন, আদমদীঘিতে দু’জন এবং সোনাতলায় একজন।
একই সময়ে সুস্থ হয়েছেন আরো ১৭০জন।