বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস রোগ ও উপসর্গে ২৪ জনের মৃত্যু হয়েছে।
দুটি হাসপাতালে করোনায় ছয়জন ও উপসর্গে ১৮ জনের মৃত্যু হয়। এ সময় ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।
করোনায় মৃতরা হলেন বগুড়া সদরের সেলিনা বেগম (৬৯) ও সরদার রহমতুল্লাহ (৮৩), দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), শেরপুরের জাহানারা বেগম (৭৩) ও চাঁন মিয়া (৪৫) এবং গাবতলীর সামেদ আলী (৯৫)।
উপসর্গ নিয়ে মৃত ১৮ জন করোনা বিশেষায়িত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ জনের নমুনায় আটজন এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন, ১৩৬ জন। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।
আক্রান্ত ১৪৪ জনের মধ্যে সদরে ১০০ জন, সোনাতলায় ১৪ জন, গাবতলীতে ১৩ জন, দুপচাঁচিয়ায় ১০ জন, শেরপুরে তিনজন এবং শিবগঞ্জ, আদমদীঘি, শেরপুর ও কাহালুতে একজন করে।