বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিএনপির করোনা হেল্প সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। গত ১০ দিনে অন্তত ২৫ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সার্বক্ষণিক একজন ফার্মাসিস্টের উপস্থিতিতে হেল্প সেন্টারের কার্যক্রম চলছে।
এছাড়া গুরুতর রোগীকে ভাচুর্য়াল মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পালাক্রমে সহযোগিতা দিচ্ছেন।
আজ শনিবার দুপুরে নর্দার্ন ন্যাশনালিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রায় ১২ হাজার টাকা মূল্যের ওষুধ হস্তান্তর করেছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ওষুধগুলো বুঝে নেন।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে করোনা হেল্প সেন্টার খোলা হয়েছে।
গত ১৫ জুলাই দুপুরে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি কার্যালয়ে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালনায় ভিডিও কনফারেন্স ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে এর উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, অপর সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন-অর-রশিদ, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাদুর রহমান চন্দন প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা বিএনপি কার্যালয়ে স্থাপিত করোনা হেল্প সেন্টারে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফার্মাসিস্ট চিকিৎসা দিচ্ছেন। তবে গুরুতর রোগিকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক সার্বিক সেবা দেন।
এখানে দুটি অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় ওষুধ রয়েছে। উদ্বোধনের পর গত ১০ দিনে দলমত নির্বিশেষে অন্তত ১৫ জন করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সেন্টারে সহযোগিতা দিচ্ছেন।