বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে চারজন।
এ সময় আক্রান্ত হয়েছে, ১০১ জন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃতরা হলো বগুড়া সদরের শহিদুল আলম (৫২), আয়েশা বেগম (৭০) ও সাখাওয়াত হোসেন (৪৮), শাজাহানপুরের আসাদ আলী মন্ডল (৭৩) ও শিবগঞ্জের পরিমল কুমার সরকার (৬০)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুটি পিসিআর ল্যাবে ৩৩১ জনের শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৭৪ জন, এন্টিজেন পরীক্ষায় ২০ জনের নমুনায় ১০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনায় পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদরে ৮৪ জন, সারিয়কান্দিতে পাঁচজন, সোনাতলা, শিবগঞ্জ ও শাজাহানপুরে তিনজন করে এবং আদমদীঘি, দুপচাঁচিয়া ও ধুনটে একজন করে। এ সময় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬০ জন।