বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে সাইফুল ইসলাম (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চান্দাইকোনা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম মঙ্গলবার রাতে এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ঘর নির্মানে অনিয়ম হয়েছে এমন সংবাদ চ্যানেল আই এ প্রচার করার কথা বলে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের কাছে সাইফুল নিজেকে সিনিয়র সাংবাদিক চকর মালিথার পরিচয় দিয়ে টাকা দাবি করে বিকাশ নম্বর দিতেন।
মুজিববর্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের কাছে চকর মালিথা টাকা দাবি করেছেন। এমন অভিযোগে গত ৩১ জুলাই বাগেরহাট থানায় একটি সাধারন ডায়েরি করেন নির্বাহী কর্মকর্তা।
তথ্য অনুসন্ধানে মোবাইল নম্বরটি সিরাজগঞ্জে ব্যবহারের বিষয়টি বাগেরহাট পুলিশ নিশ্চিত হয়ে সিরাজগঞ্জ পুলিশকে অবহিত করা হয়। সিরাজগঞ্জ পুলিশ সুপার বিষয়টি জেলা গোয়েন্দা শাখায় অর্পণ করে প্রতারককে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল এস আই খোকন সরকারের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল নামক স্থান থেকে প্রতারক সাইফুল ইসলামকে আটক করে।
আটক সাইফুল ইসলাম ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা কালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।