বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে এবার করোনাভাইরাস পরীক্ষার গোটা পিসিআর ল্যাব ও যন্ত্রপাতি সংক্রমিত হয়েছে ভাইরাসে। সেজন্য বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা: এস কে সাইফুল আলম জানান, হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার গোটা ল্যাবটি ভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে মঙ্গলবার (৩ আগস্ট) থেকে এখানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে যন্ত্রাংশ এবং ল্যাবটি সম্পূর্ণ জীবানুমুক্ত করে শুক্রবার (৬ আগস্ট) থেকে আবার নমুনা পরীক্ষা করা যাবে বলে আশা করা হচ্ছে। আর যদি তাদের নিজেদের দিয়ে জীবাণু মুক্ত করা সম্ভব না হয়, তাহলে ঢাকা থেকে এক্সপার্ট টিম আনিয়ে কাজ করাতে হবে।
অন্যদিকে, গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো: খাইরুজ্জামানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা পজিটিভ হয়েছে। আর ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। আক্রান্তের হার নমুনা পরীক্ষার ৭৩.২৮ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৫১ জন।