বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা গেছেন । এদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ২ জন মারা যান।
ওই সময়ে ৬৯১টি নমুনা পরীক্ষায় ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।
শনিবার (৭ আগস্ট) দুপুরে সিভিল সার্জন কার্যালয় ও জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেন।
জেলা ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালের ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন করোনা রোগী ও দুইজন উপসর্গ নিয়ে মারা যান। এই নিয়ে গত চারদিনে করোনা ও উপসর্গে মারা গেছেন ৩৬ জন।
প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩৫জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৭জন। এদের মধ্যে ১৫ জন পজিটিভ, বাকী ৪২জন আইসোলেশনে রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৭০ জন, হরিরামপুরের ১৫ জন, ঘিওরের ১৩ জন, সিংগাইরে ১০ জন, সাটুরিয়ার ১০ জন, দৌলতপুরে ৩ জন এবং শিবালয় উপজেলার ২ জন রয়েছেন।
তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ১৫০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। মারা গেছেন ৯৫জন।