বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয়জন পজেটিভ ও দু’জন উপসর্গ।
এ সময় জেলায় আরো ৪৬ জন করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন, ৮৫ জন। মোট মারা গেছেন, ৬৪৫ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক নির্ঝর এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃত নয়জনের মধ্যে বগুড়ার ছয়জন হলেন সদরের মোরশেদুল ইসলাম (৪৪), আনিসুর রহমান (৬৫) ও ভক্তি রানী (৫২), গাবতলীর আবদুর রশিদ (৭০), শাজাহানপুরের জহুরা বেগম (৫০) ও নূর জাহান (৫৫)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত ২৭৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ৩৭ জন।এখানে এন্টিজেন পরীক্ষায় নয়জন শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৩ জন, শেরপুরে চারজন, শাজাহানপুর ও দুপচাঁচিয়ায় তিনজন করে এবং শিবগঞ্জ ও কাহালুতে একজন করে।
করোনা আক্রান্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।
সূত্রটি আরো জানায়, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট ২০ হাজার ৬৮৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন, ১৯ হাজার ৬৪৫ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন, ৩৯৫ জন।