বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের টাকা আত্মসাতের অভিযোগে সোহেল রানা নামের গ্রাম পুলিশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, গান্ধাইল ইউনিয়ন পরিষদে কর্মরত ওই গ্রাম পুলিশ সোহেল রানা কৌশলে পিন নম্বর পরিবর্তন করে কয়েকজন সুবিধাভোগীর টাকা আত্মসাত করেন।
বিষয়টি জানার পর গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম গত ১ জুন ওই গ্রাম পুলিশের বিরুদ্ধে তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চকদামপুর গ্রামের তিনজন বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর নগদ হিসেব নম্বর পরিবর্তন করে ওই গ্রাম পুলিশ টাকা আত্মসাৎ করেছেন।
এরপর সোহেল রানাকে কারণ দর্শানোর নোটিশ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন। এরপর গত বৃহস্পতিবার গ্রাম পুলিশ গঠন, প্রশিক্ষণ, শৃংখলা ও চাকুরীর শর্তাবলী সম্পর্কিত বিধিমালা-২০১৫ এর বিধি ২৭(৬) মোতাবেক তাকে অপসারণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।