বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদের জের ধরে রূপম হাসান (২৮) নামে এক দুর্র্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বাস চালক হাসান সরকারের (৫০) মৃত্যু হয়েছে ।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে সদর উপজেলার ভবেরবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রশিদ জানান, এ হামলার ঘটনায় ভিকটিমের ছেলে জাকির সরকার মৃদুল শুক্রবার সদর থানায় বখাটে রূপমসহ দু’জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। এটি হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়ায় দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, নিহত পরিবহন শ্রমিক (ড্রাইভার) হাসান সরকার বগুড়া সদরের পালশা সরকারপাড়ার মৃত সামছু সরকারের ছেলে। তার স্বামী পরিত্যক্তা ভাতিজি একটি মোবাইল ফোন কোম্পানীর শোরুমে চাকরি করতেন। স্থানীয় এক হিন্দু যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই প্রেমিক তাদের আপত্তিকর কিছু ছবি রেকর্ড করেন এবং একই এলাকার মৃত ঝন্টু সরকারের ছেলে রূপম সরকারকে দেন।
পরে রূপম সরকার ওই মেয়েকে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কু-প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তিনি ছবিগুলো নেটের মাধ্যমে বিভিন্ন জনের মোবাইল ফোনে শেয়ার করেন। কর্মস্থলে ছবিগুলো পাঠালে সেখান থেকে তার চাকরি চলে যায়।
এ ঘটনায় চাচা হাসান সরকার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে নালিশ করেন। কাউন্সিলর আমিনুল ইসলাম কয়েকদিন আগে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
তারা আরো জানান, এসব নিয়ে ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শহরের ভবেরবাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে রূপম সরকারের সাথে হাসান সরকারের বাকবিতন্ডা হয়। পরে হাসান সরকার হেঁটে পালশা সরকারপাড়ার বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে রূপম সরকার, তার স্ত্রী খুশি বেগম ও অন্যরা তার পথরোধ করেন। এরপর রূপম ধারালো অস্ত্র দিয়ে হাসানের মাথায় কুপিয়ে জখম ও অন্যরা তাকে মারধর করে। হাসানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী রূপম তার স্ত্রী ও অন্যরা পালিয়ে যান। এলাকার লোকজন রক্তাক্ত হাসানকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি (হাসান) মারা যান।