বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক মামলার পলাতক আসামীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- শাহজাদপুর উপজেলা পৌর শহরের দ্বারিয়াপুর মহল্লার মৃত বরকত আলীর ছেলে মো: সাইদুল ইসলাম (৪২) ও উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাগুলপুর গ্রামের মো: জাহাঙ্গীর মোল্লার ছেলে মো: তৈয়ব আলী (৩৫)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাদপুর উপজেলা পৌর শহরের বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় পিপিডি ট্রাস্ট নাসিং ইনষ্টিটিউটের সামনে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজার এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়।