বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: চাকরি দেওয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় জনতা ব্যাংক কুড়িগ্রাম কর্পোরেট শাখার অফিসার (বিমোচক) রেজওয়ানুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সদর থানার এসআই জাকির আল আহসান জানান, বুধবার বিকালে তাকে ব্যাংক থেকে গ্রেফতার করে বগুড়ায় আনা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্র জানায়, রেজওয়ানুল ইসলাম বগুড়ার নিশিন্দারা উপশহরে এমিকাস বিল্ডিং, সাফাত ভিলার মোহাম্মদ আলী জোয়ারদারের ছেলে। তিনি ২০১৫ সাল পর্যন্ত বগুড়ায় জনতা ব্যাংকের শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জনতা ব্যাংক কুড়িগ্রাম কর্পোরেট শাখায় অফিসার পদে কর্মরত। তিনি ২০১৮ সালে সুমন মিয়া নামে একজনকে বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নামে তিন লাখ টাকা নেন। নামুজা কলেজের শিক্ষক আবদুর রউফের শ্যালক রাহু মিয়াকে ব্যাংকে চাকরি দেওয়ার নামে চার লাখ টাকা হাতিয়ে নেন।
এভাবে তিনি ২০২০ সাল পর্যন্ত অন্তত ২০ জন বেকারকে চাকরি দেওয়ার নামে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেন। তিনি বগুড়া থেকে বদলি নিয়ে বিভিন্ন জেলায় চাকরি করে আসছেন।
এসআই জাকির আল আহসান জানান, বগুড়া সদর থানায় ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চারটি প্রতারণার মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার বিকালে তাকে জনতা ব্যাংক কুড়িগ্রাম কর্পোরেট শাখা থেকে গ্রেফতার করা হয়। বগুড়ায় আনার পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।