বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় সিরাজগঞ্জে নারীসহ আরো ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় নারীসহ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার সাড়ে ৭’শ হয়েছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার ও বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী হাসপাতালে ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭ নারীসহ ১২৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আক্রান্তদের মধ্যে জেলা সদরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের করোনা ইউনিটসহ অনান্য হাসপাতালে ২ নারীসহ ১১ জন এখন ভর্তি রয়েছেন।
এ নিয়ে আতংকের কোন কারণ নেই। এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কঠোর ব্যবস্থা অব্যাহত রয়েছে। তবে হাট বাজারসহ বিভিন্ন স্থানে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তিনি তা স্বীকার করেছেন।