বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে রাঙ্গামাটি জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সকলে এই কার্যক্রম পরিদর্শন করেন রাঙ্গামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী ও রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।
এ সময় রাঙ্গামাটি পৌর কাউন্সিল রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাঙ্গামাটি পৌরসভার স্বাস্থ্য কর্মীসহ গণ্যমান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে রাঙ্গামাটি পৌরসভার তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চলে।
টিকাদান কেন্দ্রগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করেছে।
সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তারা উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে করোনার টিকা নেন। কারণ ২৬ তারিখের পর আর গণটিকাদান কর্মসূচি থাকবে না বলে জানানোর কারণে টিকা প্রত্যাশীরা করোনার টিকা নিতে টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা গেছে।
উল্লেখ্য, আজ যে কেউ টিকা নিতে চাইলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে প্রথম ডোজ টিকা নিতে পারবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আর মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এরপর তাদেরকে একটি টিকা কার্ড প্রদান করা হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।