বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কমছেই না ডায়রিয়ার প্রকোপ। নতুন করে আক্রান্ত হচ্ছেন শিশুসহ নানা বয়সী মানুষ।
চলতি বছরে গাজীপুর জেলা ও মহানগর জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬শ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০০ জন। ৪ হাজার ১শ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের অধিকাংশই বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নিলেও ডায়রিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জন ডাক্তার মো: খায়রুজ্জামান জানান, গাজীপুরে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে জেলায় ৪৫টি টিম গঠন করা হয়েছে।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার হাবিব সাদাত চৌধুরী জানান, এই গরমে দূষিত পানি পান, অপরিষ্কার-অপরিষ্কার থাকা, খোলা মেলা স্থানের কিংবা ধূলা-বালি মেশানো ইফতার খাওয়া, দূষণ যুক্ত খাবার গ্রহণসহ নানা কারণে গাজীপুরে এখন প্রতিদিনই বিপুল সংখ্যক লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রতিবার পাতলা পায়খানার পর স্যালাইন খাওয়া, ফুটিয়ে পানি পান করাসহ নানা সতর্কতার পাশাপাশি বমি হলেই হাসপাতালে নেয়ার কিংবা চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন। শিশুদের নিতে হবে বাড়তি যত্ন।
তবে সরকারি উদ্যোগে করোনার মতো উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণের ডায়রিয়ার একটি গাইড লাইন গণমাধ্যমে বেশি বেশি প্রচার করলে জনগণ আরো উপকৃত হবে বলেও মনে করছেন তিনি।
এদিকে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ নগর ও জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ভর্তি করানো হচ্ছে শিশুসহ নানা বয়সের ডায়রিয়ার রোগীদের। কোথাও কোথাও ডায়রিয়ার রোগীদের জন্য আলাদা ইউনিটও খোলা হয়েছে।
চলতি মাসের এই কয়দিনেই গাজীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিনশ জনের বেশি মানুষ। গত মার্চ মাসে গাজীপুর মহানগর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুরে মোট চার হাজারের বেশি লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।