বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে চোর সন্দেহে রবিউল ইসলাম মেহেরুল (৩৮) নামে এক অটোরিকশা মেকানিক্সকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুরে শাজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পরিবহণ ব্যবসায়ী আবদুল গণি ও তার পরিবারের সদস্যরা চোর সন্দেহে ওই ব্যক্তিকে হত্যা করেছে। বিকালে এ খবর পাঠানোর সময় নিহতের বাবা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিউল ইসলাম মেহেরুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ডামরুল গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটো রিকশা মেকানিক্সের কাজ করতেন। মেহেরুল মাদক সেবন ও এলাকায় ছোটখাটো চুরির সাথে সম্পৃক্ত ছিল।
শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পরিবহণ ব্যবসায়ী আবদুল গণি ও তার পরিবারের সদস্যরা চোর সন্দেহে অটোরিকশা মেকানিক্স মেহেরুলকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন। বিকালে এ খবর পাঠানোর সময় নিহতের বাবা হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা পেয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।