বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা মাথায় ছুরিকাঘাত করে আল জামিউল বনি (২২) নামে পলিটেকনিক ইন্সস্টিটিউটের এক শিক্ষার্থীকে হত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যার পর শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ভাই বেলাল হোসেন শনিবার সদর থানায় কলোনী এলাকার আরিফ বিহারীও সোহানের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওসি সেলিম রেজা এর সত্যতা নিশ্চিত করে বলেছেন আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আল জামিউল বনি বগুড়া শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিসুর রহমান বাবুর ছেলে। বনি বগুড়া পলিটেকনিক ইন্সস্টিটিউটে কম্পিউটার বিভাগে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
পবিত্র কোরআনে হাফেজ বনি একজন সাইক্লিষ্ট। তিনি বিডি ক্লীনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বনি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধবীকে সাথে নিয়ে শহরের কলোনী এলাকায় গরুর ‘গোশতের চাপ’ খেতে যান। তখন ওই এলাকার আরিফ বিহারী ও সোহান তার বান্ধবীকে উত্ত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করলে তার সাথে ওদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা বনির মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
তবে স্থানীয় কয়েকজন দাবি করেছেন, বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের মাঠে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা চলছে। এ মেলায় লটারির টিকিট শহরের বিভিন্ন পয়েন্টে এবং গাড়িতে বিক্রি করা হচ্ছে। কয়েকজন যুবক কলোনী বটতলা এলাকায় তাজ ফার্মেসীর সামনে এ লটারির টিকিট বিক্রি করছিল। বনি টিকিট কিনে সেখানে থাকা বাক্সে ফেলা চেষ্টা করছিলেন। তখন সোহানের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তার লোকজন বনির মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সদর থানার ওসি সেলিম রেজা বলেন, বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বনি গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তির পর বনি মারা যান। এ ব্যাপারে আরিফ বিহারী ও সোহানের নাম উল্লেখ করে আরো ৪-৫ জন অজ্ঞাতের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।