বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলী মঞ্চ প্রাঙ্গণে সব ধর্ম-বর্ণের মানুষ যাতে সমাজে একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে রাঙ্গামাটি জেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পার্তব্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে পারলে সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা সম্ভব। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সৃষ্টি হওয়ার পর থেকে উন্নয়ন বোর্ড থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি তা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। উন্নয়ন বোর্ড যেখানে মসজিদ নির্মাণ করছে সেখানে মন্দির, গির্জাসহ সকল সম্প্রদায়ের জন্য করা হচ্ছে। উন্নয়ন বোর্ড কর্তৃক যে রাস্তা নির্মাণ করছে তা নিদিষ্ট কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য না, এটা সকল সম্প্রদায়ের মানুষের জন্য।
সম্প্রীতি সমাবেশ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের নবাগত ভিসি প্রফেসর ড. সেলিনা আকতার, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো: তরিকুল ইসলাম, জোন কমান্ডার লে: বিএম আশিকুর রহমান, রাঙ্গামাটি নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সম্প্রীতি সমাবেশে অংশ নেন।
সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে বক্তব্য রাখেন, ফাদার মাইকেল রয়, শুভদর্শী মহাথেরো, পূলক চক্রবর্তী, মাওলানা মো: আবুল হাশেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষে গতকয়েক দিন আগে সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সিএনজি চাকলদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।