বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সম-অধিকারের পূর্বাঞ্চলের নেতা কিনা মোহন চাকমার অপহরণ ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বনযোগীছড়া ইউনিয়নের হাজ্যামা ছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তেজেন্দ্র নাথ চাকমার জেষ্ঠ্য ছেলে বুদ্ধমনি চাকমাকে আটক করা হয়। অভিযানে জুরাছড়ি জোনের ২বীরের সেনা বাহিনীর মেজর মো: এহতে শামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বুদ্ধমনি চাকমার কাছ থেকে ৪২ লিটার বাংলা মদ, দুইটি মোবাইল সেট, ১টি চাঁদা আদায়ের রসিদ বই পাওয়া যায়।
সেনা সূত্র জানা যায়, জনসংহতি সমিতির (মুল) দলের সদস্য ও কিনা মোহন চাকমার অপহরণ ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি বুদ্ধমনি চাকমা ঘরে অবস্থানের গোপন সংবাদের তথ্য পেয়ে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
জোন উপ অধিনায়ক মেজর মো: এহতে শামুল হক বলেন, বুদ্ধমনি চাকমা স্থানীয় সম অধিকারের নেতা কিনা মোহন চাকমার অপহৃরণ ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং জনসংহতি সমিতির (মুল) দলের সক্রিয় সদস্য।
তিনি জানান পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনা বাহিনীর এধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিউল আজম বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামী কাল (রবিবার) কোর্টে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে ডিসেম্বর মাসে সম অধিকারের পূর্বাঞ্চলের নেতা কিনা মোহন চাকমাকে অপহরণ এর পর হত্যা করা হয়।