বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে চাকুরীর সন্ধানে বের হওয়া এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুজনকে পাকড়াও করে থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।
তারা হচ্ছে- নগরের বারিয়ালী এলাকার বখাটে যুবক হৃদয় ও মনির। তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি হাতুড়ি উদ্ধার এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহম্মেদ জানান, জুমার নামাজের পরপরই কিশোরীর ডাক চিৎকারে বের হয়ে জানতে পারেন তাদের বাড়ির কাছেই নির্জন স্থানের একটি পরিত্যক্ত ঘরে দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়। দ্রুত কাউন্সিলর তার ভাই লোকজনকে নিয়ে গিয়ে দুজনকে পাকড়াও করে । আরো দুজন পালিয়ে যায়। পরে ওই দুজনকে থানা পুলিশের সোপর্দ করা হয়।
ভিকটিম ও তার স্বজনরা জানায়, ওই ভিকটিম আগে সালনা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতো। নতুন চাকরির সন্ধানে দুপুরে তার বাসার কাছেই বান্ধবীর বাসায় যায়। সেখান থেকে নিজ বাসায় ফেরার পথে রাস্তা থেকে দুই যুবককেরা টেনে- হেঁচড়ে ওই কিশোরীকে পরিত্যক্ত ঘরে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এক পর্যায় কোনমতে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়।
সদর থানার এসআই মোশাররফ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ভিকটিমকে উদ্ধার করে থানা নিয়ে যান। আর পাকড়াও করা যুবকদেরও থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হলে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।