বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে স্কুল ছাত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মূলহোতা মো: রাসেল (২১) ধরা পড়েছে।
র্যাব-১২ বগুড়া কোম্পানীর সদস্যরা তাকে মঙ্গলবার গভীর রাতে উপজেলার হাঁসখালী পশ্চিম কান্তনগর থেকে গ্রেফতার করেন।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান এ তথ্য দেন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম খান জানান, বিকালে আসামিকে তাদের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, মো: রাসেল বগুড়ার ধুনট উপজেলার হাঁসখালী পশ্চিম কান্তনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সে গত ১৪ নভেম্বর গোপনে প্রতিবেশী ৮ম শ্রেণির এক ছাত্রীর গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে।
রাসেল পরে ওই ভিডিও প্রকাশ করে দেওয়ার কথা বলে ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টা করে। পরবর্তীতে ভিডিওটি সোস্যাল মিডিয়াতে ভাইরাল করে। এতে স্কুল ছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে হেয় ও অপমানিত হন। বাধ্য হয়ে ছাত্রীর মা গত ২৭ নভেম্বর ধুনট থাকায় রাসেলের বিরুদ্ধে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় মামলা করেন। এছাড়া বিষয়টি র্যাব-১২ বগুড়া ক্যাম্পে অবহিত করেন। এর প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা বিভাগ আসামিকে গ্রেফতার করতে তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আড়াইটার দিকে নিজ এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোবাইল ফোনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, তাকে ব্লাকমেইল ও নেটে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করে। বুধবার বিকালে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।