বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: মহান বিজয় দিবসের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যা ইতিহাসের নৃশংসতম কাপুরুষোচিত হত্যা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।
তিনি বলেন, বাঙ্গালী জাতিকে মেধাশুণ্য করতে এবং বঙ্গবন্ধু যাতে ভবিষ্যতে সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে সেজন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতা বিরোধীরা দেশের বুদ্ধিজীবিদের হত্যা করে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙ্গামাটি শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হাজী মো: কামাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক বাবু প্রমুখ।
সভার আগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।