সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় নওগাঁর বদলগাছীতে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৩ ডিগ্রি সেলিসিয়াস।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় আজ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বৃহস্পতিবার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এক সপ্তাহ ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে।
গতকাল সন্ধ্যা থেকেই নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এর আগে গত মঙ্গলবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে নওগাঁয় শীত জেঁকে বসায় মানুষের ভোগান্তি বেড়েছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় স্থানীয় মানুষ এই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছেন। গতকাল রাত থেকেই বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। ঘন কুয়াশার দাপট ছিল আজ সকাল পর্যন্ত।
আজ সকাল নয়টার দিকে ঘন কুয়াশার কারণে নওগাঁ শহরের রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।
দূরপাল্লার যানবাহনের চালকেরা বলেন, ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছাতে তাদের দেরি হচ্ছে।
শহরের তাজের মোড় এলাকায় সকাল ১০টার দিকে কথা হয় সিএনজিচালিত অটোরিকশার চালক আবু বক্করের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যাত থ্যাকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গ্যাছে। আজকা সকালে গাড়ি চালাতে য্যায়ে ঠান্ডার চোটত (চোটে) হাত-পা ক্যান-ক্যান করিচ্ছি। মনে হচ্ছে হাত-পা জড়ে যাছে। সিএনজি চালানেই কঠিন হয়ে গ্যাছে।’
প্রতিদিনের মতো আজ সকালেও তাজের মোড়ে পিঠা বিক্রি করছিলেন সবিতা রানী। শীতের তীব্রতা কেমন জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘ঠান্ডার চোটত রাস্তাত দাঁড়ানা যাছে না। রাস্তাঘাটে লোকজনও কম। এ জন্য আজকা পিঠা বিক্রি হছে কম।’