বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: একটি শীতবস্ত্র একজন শীতার্ত মানুষের শীত নিবারণের অবলম্বন হতে পারে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।
তিনি বলেন সারাদেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলাতেও শীতের তীব্রতা বেড়েছে। এ কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। যেমনটি আজ আওয়ামী পেশাজীবি লীগ শীতার্তদের পাশে এসে দাঁড়িয়ে তেমনি যদি যার যার অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ায় তা হলে এইসব শীতার্ত মানুষগুলো শীতের প্রকোপ থেকে পরিত্রাণ পেতো এবং তাদের কষ্ট লাঘব হতো।
শনিবার (২১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি চতুর্থ শ্রেণী কর্মচারী ক্লাবে রাঙ্গামাটি জেলা আওয়ামী পেশাজীবি লীগের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পেশাজীবী লীগ রাঙ্গামাটির সভাপতি মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর সভাপতি গোলাম রসুল, পৌর সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, পৌর সহ-সভাপতি দিলীপ নন্দী, সাংগঠীনক সম্পাদক খোকন কুমার দে সহ জেলা ও ৯ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, আর এই সরকারের আমলেই গরীব দুঃখী ও অসহায় মানুষদের অনেক উন্নয়ন হচ্ছে। বর্তমান সরকারের আমলেই গরীব ও অসহায়রা দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সেবা পাচ্ছে। তাই সরকারের পাশাপাশি বিত্তবানসহ বেসরকারি সকল প্রতিষ্ঠানকে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শীতার্ত ৫ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।