বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে কাঠ বোঝাই ট্রাকে গুলি ও স’মিলে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত উপজাতীয় চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে।
বৃহষ্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এ সমাবেশ করা হয়। এ সময় সড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে।
চট্টগ্রাম রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ ওসমানী’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম -রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাঙ্গামাটি অটোরিক্সা চালক সমিতির সহ-সভাপতি আবুল কালাম চুংকুসহ বিভিন্ন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আরো বলেন, উপজাতীয় সন্ত্রাসীদের অপতৎপরতায় সাধারণ শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজির কারণে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য গতকাল বুধবার রাঙ্গামাটিতে চাঁদার দাবীতে কাঠ বোঝাই ট্রাকে গুলিবর্ষণ ও রাজবাড়ী স’মিলে অগ্নিসংযোগ করে উপজাতীয় অস্ত্রধারীরা।