বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য দুর্গম অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
তিনি বলেন, পাহাড়ের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতো দুটো শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছে বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর উপজেলার দুর্গম কাটাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিল সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙ্গামাটি পৌর মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙ্গামাটি পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুর নাহারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
দীপংকর তালুকদার এমপি কাটাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিদ্যালয়ের ফান্ডের জন্য দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।