বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
সোমবার সকালে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্মেলন কক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মো: মুছা মাতাব্বর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
দীপংকর তালুকদার এমপি আরো বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সরকারের যে পরিকল্পনা তা আগামীর স্মার্ট বাংলাদেশ পরিণত করা সম্ভব হবে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দীন তালুকদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।