বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় গিয়াস উদ্দিন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ হ্রদ থেকে তার লাশ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে একটি লাশ দেখতে পেয়ে উৎসুক জনতা পুলিশকে খবর দেয়। এ সময় হৃদ তীরবর্তী এলাকায় কয়েকশত লোক জড়ো হয়। রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ সকাল সাড়ে ৯ টায় এসে লাশটি উদ্ধার করে। এর মধ্যে গত ৬ দিন ধরে নিখোঁজ গিয়াস উদ্দিনের পরিবারের লোকজনও হ্রদ এলাকায় উপস্থিত হয়। পরে লাশ তুললে পরিবারের লোকজন গিয়াস উদ্দিনকে শনাক্ত করে।
পরিবারের লোকজন জানায় গত ৬ দিন আগে থেকে গিয়াস নিখোঁজ হয়। তাকে দুই দিন খোঁজাখুঁজি করার পর কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।রবিবার সকালে হ্রদে লাশ ভাসছে শুনে আমরা দেখতে এসেছি। লাশ যখন হ্রদ থেকে তোলা হয় তখন আমার মামা বলে আমরা শনাক্ত করতে পারি।
রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার হেলাল উদ্দিন বলেন, সকাল বেলা খবর পেয়ে আমরা হ্রদের পাড়ে গিয়ে লাশ দেখতে পাই। তাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে রাঙ্গামাটি কোতয়ালী থানার এএসআই ক্যা হ্লা চিং জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের পর বলা যাবে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুল আমিন আরিফ বলেন, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি কোতয়ালী থানায় প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে বোঝা যাবে আসলে বিষয়টি কী। লাশের নাম শনাক্ত করা হয়েছে। তার নাম গিয়াস উদ্দিন তার পরিবার গত চার দিন আগে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করে।