বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর টহল দলের উপন সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কর্তৃক গুলিবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মান শ্রমিকদের উপর গুলিবর্ষণ এবং অপহরণের প্রতিবাদের রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার (১৭ মার্চ) সকালে রাঙ্গামাটি পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরুপা এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ মোহাম্মদ সোলাইমান, রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর, ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজম।
সমাবেশে বক্তারা বলেন, দেশপ্রেমিক শহীদের রক্ত বৃথা যেতে দেব না। যারা সেনা সদস্য মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙালি শ্রমিকদের গুলি করে আহত করাসহ নিরীহ মানুষ অপহরণ করেছে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের নিকট জোর আহ্বান করছি। যদি দাবি আদায় না হয় পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেওয়ার ঘোষণা দেন বক্তারা।