বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির ৪৩৯ জন ভূমিহীন পরিবার ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ,বি,এম আরিফুল ইসলাম, স্কাউট কমিশনার নরুল আবছারসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, এবারে রাঙ্গামাটিতে ৪র্থ পর্যায়ে রাঙ্গামাটি সদর উপজেলায় ৮৪ টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০ টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০টিসহ) ৮৩টি, নানিয়াচর উপজেলায় ২৭টি, বরকল উপজেলায় ৪০টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০টি এবং কাউখালী উপজেলায় ৪১টিসহ সর্বোমোট ৪৩৯টি গৃহের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী ২২ মার্চ রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
পার্বত্য রাঙ্গামাটির দুর্গমতাকে জয় করে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে রাঙ্গামাটির ৪৩৯ জন পরিবার তাদের নিজস্ব গৃহ পাচ্ছে। ভূমিহীন পরিবার গুলো আজ খুবই খুশী। তাদের ঘর করে দিতে পেরে আমরাও আজ খুশী।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের ঘর প্রদান করার যে পরিকল্পনা তা মাঠ পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে ঘর করা খুবই কষ্টসাধ্য তার পরও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।