বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদকের পৃথক মামলায় মোছা: রোকসানা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জবীন কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এ দন্ডাদেশ দিয়েছেন।
দন্ডাদেশপ্রাপ্ত রোকসানা পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত নুরুল ইসলাম মোহনের স্ত্রী।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাপলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এ্যাডভকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০১৪ সালের ১৪ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রোকসানাকে গ্রেফতার করে । এরপর তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৭০ গ্রাম হেরোইন ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিচারক আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অবৈধভাবে হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
এছাড়া ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।
এদিকে ২০১৭ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় র্যাব-১২ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে পালানোর সময় রোকসানাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৪৩ গ্রাম ওজনের ৪১ পুরিয়া হেরোইন এবং ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় র্যাব-১২’র ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে একই বিচারক হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়াও ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।