বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধ্বসের আশংকা থাকায় জরুরি সতর্কতা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সকল লোকজনকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সাথে সাথেই নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া ১৩ মে ২০২৩ তারিখ শনিবার বিকাল ৪টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরণের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার জারি করা রাঙ্গামাটি জেলা প্রশাসনের জরুরী গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অতি প্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া আসন্ন মোখার আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটিতে কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি বাতিল করা বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় রাঙ্গামাটিতে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে দুর্যোগ মোকাবেলায় কমিটি গঠন করা হয়েছে।