বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মোহাম্মদ মিঠু (১৮) নামে এক কলেজ ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
নিহত মিঠু বেলকুচি পৌর এলাকার রতনকান্দি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে ও বেলকুচি সরকারি কলেজের ছাত্র ছিল। শুক্রবার ভোররাতে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মিঠু বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগতে থাকায় চিকিৎসকের পরামর্শে তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয় এবং ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকে। এক পর্যায়ে তাকে উল্লেখিত হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সেখানেই মিঠু মারা যায়।
এদিকে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্র মিঠু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে হাসপাতালে মারা গেছে। কলেজছাত্র মিঠুর অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।