বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক (হেরোইন) মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের শাহাদত হোসেন, একই এলাকার ডাবলু হক ও আইআই এলাকার নিমাই সিং।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উলাহ এ রায় দেন। অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বরাদ দিয়ে সাংবাদিকদের জানান, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তলাশি করলে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু হককে গ্রেপ্তার করা হয়। এদিকে একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন তলাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিমাই সিংকে গ্রেপ্তার করে র্যাব -১২ সদস্যরা। এসব ঘটনায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা হয়।মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।