মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একই পর্যায়ে’: জাহিদ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘একই পর্যায়ে’ আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের এ সদস্য বলেন, “গত তিনদিন— ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটা তিনি গ্রহণ করতে পারছেন।

“কাজেই এ চিকিৎসা যেন উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন, সেজন্য আপনারা সবাই দোয়া করবেন। এটাই আমাদের আহ্বান।”

বিদেশে নেওয়ার বিষয়ে অধ্যাপক জাহিদ বলেন, “বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে ওনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে; আপনাদেরকে জানানো হবে।”

২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটাময়’।

সবশেষ পরিস্থিতি সম্পর্কে জাহিদ বলেন, “বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“ম্যাডামের চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে, মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।”

তিনি বলেন, “ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রের জন হোপকিংস এবং মাউন্ট সিনাইসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের আলাপ আলোচনার ভিত্তিতেই ম্যাডামের চিকিৎসা অব্যাহত আছে।”

অধ্যাপক জাহিদ বলেন, “আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই।

“প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, অনেকেই ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন; সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও তিনশ রোগী চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান অধ্যাপক জাহিদ।

জাহিদ বলেন, “বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান, অনেক সরকার প্রধান, অনেক দেশ তাদের আগ্রহের কথা, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।”

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, “হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আমরা দেশবাসীকে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি।

“আমরাও দোয়া করছি, আল্লাহ রাব্বুল আ’লামীন তাকে দ্রুত সুস্থ করে জাতির এই দুর্দিনে আবারও দেশের হাল ধরার তাওফিক দান করুন আমীন।”

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com